দক্ষিণ লেবাননে ৪ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৭:১৭ পিএম
দক্ষিণ লেবাননে ৪ ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। এতে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে এবং আরও পাঁচ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। খবরটি নিশ্চিত করা হয়েছে শুক্রবার (১৯ জুন)। 

অন্যদিকে ইসরাইলি হামলায় লেবাননের অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ লেবাননে গত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা ইসরাইলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। একই সময়ে হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর পাল্টা আক্রমণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। নিহতদের একজনের নাম লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন। বাকি তিনজনের পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।

সেনাবাহিনী আরও জানায়, একটি ‘বিস্ফোরক ড্রোন হামলায়’ আরও পাঁচ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এতে লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধের কথা বলা হলেও বাস্তবে ইসরাইল তা মানছে না বলে অভিযোগ উঠেছে।

অব্যাহত সংঘর্ষের কারণে দক্ষিণ লেবাননে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

এম জি