রাশিয়া

রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকানোর ক্ষমতা নেই ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৩:৪৩ পিএম
রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকানোর ক্ষমতা নেই ন্যাটোর

ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে তার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার প্রতিক্রিয়া ঠেকানোর সক্ষমতা পশ্চিমা সামরিক জোটের কারও নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাখারোভা স্পষ্টভাবে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি রাশিয়ার কোনো অঞ্চলের ওপর আক্রমণ চালায়, তাহলে মস্কো চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেবে।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া প্রতিহত করার মতো সক্ষমতা পশ্চিমা সামরিক নেতৃত্ব কিংবা তাদের বাহিনীর নেই। ফলে এমন কোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, সম্প্রতি ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় মস্কোর এ ধরনের কঠোর বার্তা ইউরোপের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এম জি