লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:৩০ পিএম
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক হামলার তীব্র প্রতিবাদে কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের এই হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও লেবাননের কোনো ভূখণ্ড দখল করার যেকোনো ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি একটি এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর যোদ্ধারা পাল্টা হামলা চালিয়েছেন।

শুক্রবার রাত থেকে শুরু হওয়া এবং আজ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, ইসরায়েল একেবারে প্রথম মুহূর্ত থেকে চুক্তি লঙ্ঘন করার পরও হিজবুল্লাহর যোদ্ধারা শুক্রবার সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে আসছিল। তবে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত আছে।

জেএইচআর