যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সোমবার সকালে বৈশ্বিক জ্বালানি বাজারে উভয় প্রধান বেঞ্চমার্কের মূল্য নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ০ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলারে লেনদেন হয়।
মধ্যস্থতাকারীদের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছিলেন তেল ব্যবসায়ীরা। সিএনএনের পর্যালোচনা করা মেরিনট্রাফিকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে।
রোববার সুইজারল্যান্ডে আলোচনা শেষে কাতার ও পাকিস্তান জানায়, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্র একটি ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠা করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফিরতে পারে-এমন আশাবাদ তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং তেলের দাম কমার প্রবণতা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন