ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সাময়িক শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ৬০ দিনের বিশেষ ছাড় ঘোষণা করেছে।
সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সপ্তাহান্তে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়। আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেসেন্ট জানান, ইরান হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়েও সম্মতি দিয়েছে তেহরান।
তিনি বলেন, এই সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার মাধ্যমে ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
নতুন ঘোষণার ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের প্রায় সব দেশের কাছে, এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও তেল রপ্তানি ও সরবরাহ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে সীমিত হয়ে পড়া তেল রপ্তানির সুযোগ ফিরে পাওয়ায় ইরানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যেই ট্রাম্প প্রশাসনের আলোচকরা এই সাময়িক ছাড়ে সম্মত হয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন