ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর ব্যক্তিগত এক ভয়াবহ সংকটের মুখে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। ধসে পড়া একটি ভবনের নিচে তার স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পরিবারের কোনো খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সবার কাছে প্রার্থনা ও সহযোগিতা চেয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
গত ২৪ জুন রাতে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলা ৩৮ বছর বয়সী লুকাস ত্রেহো জানান, প্লায়া গ্রান্দেতে তাদের বসবাস করা ভবনটি ভূমিকম্পে পুরোপুরি ধসে পড়ে। এরপর থেকেই তার স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ত্রেহো বলেন, প্লায়া গ্রান্দেতে তাদের ভবনটি ধসে গেছে এবং পরিবারের সদস্যদের বিষয়ে তিনি কিছুই জানেন না।
তিনি সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন, কেউ যদি তাদের দেখে থাকেন, তাহলে যেন তথ্য জানানো হয় এবং তার পরিবারের জন্য প্রার্থনা করা হয়।
ত্রেহো আরও জানান, তিনি বিশ্বাস করতে চান যে, ভূমিকম্পের সময় তার স্ত্রী ও সন্তানরা ভবনের ভেতরে ছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই আবেদন দ্রুত ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা তার পরিবারের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
দীর্ঘদিন ধরে ভেনেজুয়াতেই পেশাদার ফুটবল খেলছেন লুকাস ত্রেহো। ক্যারিয়ারের শেষ সময়ে এসে এমন একটি ব্যক্তিগত বিপর্যয়ের মুখোমুখি হওয়ায় তাকে নিয়ে ব্যাপক সহমর্মিতা প্রকাশ করছেন ফুটবলপ্রেমীরা।
অন্যদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে স্বজনহারাদের মতো ত্রেহোও অপেক্ষা করছেন স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ পাওয়ার আশায়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন