কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের ক্যালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হলেও এ জলপথে তেহরানের সার্বভৌম নিয়ন্ত্রণে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
আল-জাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের বিষয়ে কেবল ৬০ দিনের একটি অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। তবে এর বাইরে প্রণালিটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের আঞ্চলিক জলসীমার অংশ। তাই এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যেন কোনো রাজনৈতিক বিতর্ক বা সামরিকীকরণের অভিযোগ তোলার সুযোগ না পায়, সে বিষয়ে তেহরান সতর্ক রয়েছে।
ক্যালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালির বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং কোনো পরিস্থিতিতেই দেশটি তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না।
তিনি হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই জলপথ ইরানের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তার ভাষায়, এটি শুধু একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট নয়, বরং দেশের সবচেয়ে কার্যকর কৌশলগত শক্তির অন্যতম উৎস।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন