ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৩০ পিএম
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।

মহারাষ্ট্রের খড়কওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি আধুনিকীকরণেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীতে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবেও পরিচিত। সর্বশেষ উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’ এর নেতৃত্বে ছিলেন।

জেনারেল ধীরাজ শেঠ এমন সময়ে ভারতের প্রায় ১৩ লাখ সেনাসদস্যের নেতৃত্ব গ্রহণ করলেন, যখন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধ নতুন বাস্তবতা তৈরি করেছে।

এদিকে ১ জুলাই থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীতেও একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন উপ-সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি সেনাবাহিনীর অপারেশন, পরিকল্পনা এবং সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, দক্ষিণ কমান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর এবং লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কোর’ এর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।

এম জি