মাচাদো

মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চাই, বাধা দিচ্ছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৩৯ পিএম
মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চাই, বাধা দিচ্ছে সরকার

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চাইলেও সরকার তার প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করছে।

সোমবার পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ তুলে ধরেন।

মাচাদো বলেন, দেশের এই কঠিন ও হৃদয়বিদারক সময়ে তিনি জনগণের পাশে থাকতে নিজ দেশে ফিরতে চেয়েছিলেন। তবে তাকে ঠেকানোর উদ্দেশ্যে সরকার বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দেয়।

তার দাবি, পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও যারা তার দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে সহযোগিতা করেছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে।

গত ডিসেম্বর থেকে নির্বাসনে থাকা মাচাদো পরে নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।

গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়ায় এক হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগের পর রাজধানী কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ করা হয়। বর্তমানে মানবিক সহায়তার ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি আংশিক চালু রয়েছে। এছাড়া ভ্যালেন্সিয়া ও মারাকাইবো বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত আছে।

এর ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরোধী জোটের দাবি ছিল, তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়া জয়ী হয়েছেন। তবে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন।

এদিকে গত মে মাসে পানামা থেকে মাচাদো অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে এখনো রড্রিগেজ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এম জি