দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাসটি ৭৮ জন যাত্রী নিয়ে ওয়েস্টার্ন কেপের কেপ টাউন থেকে ইস্টার্ন কেপের ইডুটিউয়া-র উদ্দেশ্যে যাচ্ছিল।
রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের মুখপাত্র সাইমন জোয়ানে জানান, একটি পণ্যবোঝাই গাড়ি ওভারটেক করার সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কেপ টাউন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের ওরচেস্টার শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইমন জোয়ানে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনার কারণ অনুসন্ধানে সাউথ আফ্রিকান পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যানবাহন চালানোর সময় চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় এটি দ্বিতীয় প্রাণঘাতী বাস দুর্ঘটনা। এর আগে বুধবার লিম্পোপোর বেইটব্রিজ সীমান্ত এলাকায় মালাউইয়ের নাগরিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় চালক নিহত হন।
সূত্র: এএফপি
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন