ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর বেঙ্গালুরু সদর দপ্তরে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইসরোর চেয়ারম্যান ড. ভি. নারায়ণনের কার্যালয়ে পাঠানো ওই বার্তার পরপরই পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সদর দপ্তরে পৌঁছে পুরো এলাকা ঘিরে তল্লাশি চালান। কার্যালয়ের বিভিন্ন অংশ সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হলেও কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
ঘটনার পর ই-মেইলটি কে পাঠিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। বার্তাটি দেশের ভেতর থেকে নাকি বিদেশ থেকে পাঠানো হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ সূত্র বলছে, এ ধরনের হুমকির ঘটনা নতুন নয়। গত বছরও দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল স্কুল এবং সর্বোদয় বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল। সেসব ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
ইসরোর সদর দপ্তরে পাঠানো সর্বশেষ হুমকির ঘটনাতেও এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের অস্তিত্ব মেলেনি। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন