খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১২:৫৪ পিএম
খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা লাখ লাখ তীর্থযাত্রীর আবাসনের জন্য দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর এক প্রতিবেদনে দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের থাকার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। এ ছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর তাঁর স্মরণে তেহরানে রাষ্ট্রীয়ভাবে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার দাফন আনুষ্ঠানিকতা সাত দিনব্যাপী চলবে।

এদিকে খামেনির শেষ বিদায়ের আয়োজনের মধ্যেও মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের সঙ্গে সংঘাত বন্ধে আনুষ্ঠানিক চুক্তি হলেও দক্ষিণ লেবাননের একাধিক স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নতুন করে হামলার খবর পাওয়া গেছে।

জেএইচআর