ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের বাইরে সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। দেশের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সেখানে লাখ লাখ মানুষ ভিড় করেছেন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকাল ৬টায় কমপ্লেক্সটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তবে এর অনেক আগে, ভোর হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করেন।
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি এক ভয়াবহ মার্কিন-ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারেরও কয়েকজন সদস্য প্রাণ হারান। দীর্ঘ চার মাস পর সেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সেই আজ তাঁর মূল শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।
লাইনের দাঁড়িয়ে থাকা সোমাইয়ে হামেদি নামের এক নারী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই। তাই এভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা আমাদের জন্য কষ্টের বা কঠিন কিছু নয়।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ দিনভর খামেনির মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। আগামীকাল থেকে শুরু হবে বিভিন্ন শহরের শোকযাত্রা।
সূত্র: আল-জাজিরা
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন