মার্কিন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী মাহশাহরে শত্রুপক্ষের একটি ড্রোন প্রতিহত করার সময় ওই সদস্য প্রাণ হারান।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, নিহত সদস্যের নাম মোহাম্মদ রেজা খাজিনি। ড্রোন মোকাবেলার সময় স্প্লিন্টারের আঘাতে তিনি নিহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর দক্ষিণ ইরানের বন্দরনগরী বুশেহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের মেহর সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বুশেহর শহর এবং এর আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে বিস্ফোরণের কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, বুশেহরেই ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। পাশাপাশি শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের কাছাকাছি অবস্থান করছে। এই দ্বীপ দিয়েই ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন