ইরানের সঙ্গে আলোচনা করে কোনো সমাধানে পৌঁছানোর চেষ্টা সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপই পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে। অথচ ইরান সরকার হচ্ছে একটি ক্যানসার। আর আপনারা তো জানেনই ক্যানসারের সঙ্গে কী করতে হয়, একে একদম শুরুতেই কেটে ছেঁটে ফেলে দিতে হয়।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন। তার মতে, দীর্ঘ সময় ধরে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই বেশি কার্যকর। ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাবকে তিনি সময়ক্ষেপণ হিসেবে দেখছেন বলেও জানান।
ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক অবস্থানের কারণে ইরান বড় ধরনের চাপের মুখে পড়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়েও নিজের অসন্তোষের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সংকটের সময়ে মিত্র দেশগুলোর অবস্থান তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ইরান যুদ্ধ পরিস্থিতি ন্যাটোর সদস্য দেশগুলোর সহযোগিতা ও প্রতিশ্রুতির একটি পরীক্ষা ছিল।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজের সক্ষমতার ওপর নির্ভর করেই ইরান ইস্যুতে পদক্ষেপ নিয়েছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হলে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে উদ্যোগের কথা বলা হয়েছিল। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে বোঝা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার চেয়ে চাপ প্রয়োগের নীতিতেই বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।
ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের চলমান সংকট, যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে দুই দেশের পরবর্তী পদক্ষেপের ওপর।
তথ্যসূত্র: রয়টার্স
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন