হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলায় অন্তত ৮ জন ইরানি সৈন্য নিহত হয়েছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) এই তথ্য নিশ্চিত করেছে।
ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহরে মার্কিন বাহিনী এই বিমান হামলা চালায়। এতে নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর বিমান ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাবেই এই পাল্টা সামরিক অভিযান চালানো হয়েছে। ইরানের এই ধরনের উসকানিমূলক পদক্ষেপকে অযৌক্তিক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে আমেরিকা।
এদিকে মার্কিন এই বিমান হামলার পরপরই পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি (IRIB) জানায়, বুধবার ভোরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমোজ এলাকার আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক ও দামি ‘এমকিউ-৯’ (MQ-9) ড্রোন ভূপাতিত করেছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, বুশেহর প্রদেশের আকাশসীমায় মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাব দিতে তাদের একটি দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করা হয়। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা ও ড্রোন ভূপাতিত করার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র : আলজাজির
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন