পশ্চিমবঙ্গের মন্ত্রী

শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, তার দেশে ফেরার অধিকার আছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:২২ পিএম
শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, তার দেশে ফেরার অধিকার আছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তার নিজের দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রায় দুই বছর ধরে তিনি সেখানে অবস্থান করছেন।

এদিকে বাংলাদেশের আদালত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর মধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন আওয়ামী লীগ সভাপতি।

রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে চান। সেই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো দেশে ফেরার সম্ভাব্য সময়সীমা হিসেবে ডিসেম্বরের কথা উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার এই পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, প্রাণিসম্পদ বিকাশ ও কৃষি বিপণন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তার সবকিছু সঠিক পথে এগোচ্ছে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। সে কারণে নিজের দেশে ফিরে যাওয়ার অধিকার তার রয়েছে।

দিলীপ ঘোষের ভাষ্য, গত দুই থেকে তিন বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, তা দেশটির জনগণ এবং সংবিধানের জন্য ইতিবাচক নয় বলেই তিনি মনে করেন।

এএন