দাবি সিএনএনের

পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৪:২৬ পিএম
পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান

ইরান তাদের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক এলাকায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান সংরক্ষণেরও ইঙ্গিত মিলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন কূটনৈতিক ও রাজনৈতিক চাপ অব্যাহত রেখেছে, তখন তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে নতুন কার্যক্রমের আলামত পাওয়া গেছে। এসব তথ্য স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সামনে এসেছে বলে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদন তৈরিতে সিএনএনের সঙ্গে কাজ করেছে ‘ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’। তাদের বিশ্লেষণে দাবি করা হয়েছে, তেহরানের অত্যন্ত সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি নির্দিষ্ট স্থানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে।

আরও বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে বড় বড় গর্ত তৈরি হয়েছিল, সেগুলোর ওপর প্রথমে অস্থায়ীভাবে ঢাকনা দেওয়া হয়। পরে কয়েক সপ্তাহের ব্যবধানে সেই ঢাকনা সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়। একই সময় ওই এলাকাজুড়ে কংক্রিট মেশানোর কয়েকটি ট্রাকও দেখা গেছে।

বিশ্লেষকদের ধারণা, এসব কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, ক্ষতিগ্রস্ত গর্তগুলো স্থায়ীভাবে বন্ধ বা পুনর্গঠনের প্রস্তুতি চলছে।

এ ছাড়া পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রেও টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্য দেখা গেছে। এটিকেও সংশ্লিষ্ট স্থাপনায় নতুন কার্যক্রমের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এএন