ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৮৭ বিলিয়ন দাবি প্রতিরক্ষামন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১১:০৫ এএম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৮৭ বিলিয়ন দাবি প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মে মাসে প্রকাশিত হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে।

মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো কমিটির সামনে উপস্থিত হয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেন, কংগ্রেস যদি দ্রুত অতিরিক্ত অর্থায়ন অনুমোদন না করে, তবে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হতে পারে। তিনি জানান, প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে। এর মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের জন্য ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমান বিশ্ব পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে হেগসেথ বলেন, এই অবস্থায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলে সেনাসদস্যদের বেতন পরিশোধ, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে, হোয়াইট হাউস আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের বাজেটে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব কংগ্রেসে পাঠায়। প্রস্তাবটি শেষ পর্যন্ত অনুমোদন পেলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সামরিক বাজেট।

এদিকে, বুধবার টানা ১১তম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা অব্যাহত রেখেছে ইরান।

জেএইচআর