জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৫ পিএম
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১ মাত্রা। ভূমিকম্পের পরপরই দেশটির উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারকে কেন্দ্র করে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সাথে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো ধরনের হতাহত কিংবা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মূল ভূমিকম্পের পর যেকোনো সময় শক্তিশালী আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে আশঙ্কায় সর্বস্তরের জনগণকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উপদ্রুত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ মূল্যায়নের কাজ শুরু হয়েছে। নতুন কোনো ঝুঁকি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলে তা দ্রুত দেশবাসীকে অবহিত করা হবে।

জেএইচআর