ফায়ার সার্ভিস

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০১:১৫ পিএম
ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার বিষয়ে তারাও খবর পেয়েছেন। সেখানে টিম গিয়েছে।

এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস
ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে বাসা বা কর্মস্থল থেকে অনেকে ঘর ছেড়ে খালি জায়গা রাস্তা নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিকম্পের এমন তীব্রটা আগে কখনো দেখিনি তারা।

এদিকে পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানতে পারিনি।

ইএইচ