মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:০৫ পিএম
মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভায় দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো মন্ত্রী প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তবে এ ধরনের পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির পর হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা। রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদলের কোনো পরিকল্পনা রয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনার ভিত্তিতে তিনি মনে করেন, প্রধানমন্ত্রী যদি উপলব্ধি করেন যে কেউ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব। সে কারণে সরকারের কার্যক্রম আরও কার্যকর করতে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী তা করতে দ্বিধা করবেন না। তবে এ সিদ্ধান্ত ১৮০ দিনের মধ্যে হবে, নাকি আরও কিছু সময় পরে- সেটি এখনো নির্ধারিত হয়নি।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ।

এএন