কমিশন পুনর্নির্ধারণের দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ওই দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশনে কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তবে দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান কমিশন বৃদ্ধি করে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়িত না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে বলেও সতর্ক করেন নেতারা।
সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব কারণে এ খাতের ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন পুনর্নির্ধারণের আহ্বান জানান তারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন