ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিন জন ভিন্ন দল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে দুজন নিজ এলাকায় এবং অন্যজন ঢাকার একটি আসনে প্রার্থী হয়েছেন।
প্রার্থীরা হলেন, মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের অধ্যাপক আল হেলাল তালুকদার, অ্যাডভোকেট আব্দুল কাদির ও হাফেজ ক্বারী মাওলানা লুৎফুর রহমান। তাদের সবার বাড়ি একই গ্রামের একই ওয়ার্ডে।
খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে প্রার্থী হয়েছেন ময়মনসিংহ মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, তিনি জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এবং নেত্রকোণা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল কাদির তিনি গণ অধিকার পরিষদের দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা উভয়েই নিজ নিজ দলের নেতৃবৃন্দ নিয়ে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরিতে, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এবং অপরজন হলেন, হাফেজ ক্বারী মাওলানা লুৎফুর রহমান তিনি ঢাকা-৫ আসনে এবি পার্টি থেকে মনোনীত প্রার্থী হয়েছেন।
এমনকি ওই তিন প্রার্থী ছাড়াও একই ওয়ার্ডের গলগলি মল্লিকপুর গ্রামের আরেকজন প্রার্থী জলি তালুকদারের নাম শোনা যাচ্ছে, তিনিও নাকি নেত্রকোণা-৪ আসনে প্রার্থী হবেন। যিনি কিনা এর আগেও এই আসনে জাসদের কাস্তে মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
মাঘান গ্রামের ভোটাররা বলেন, "তিনজন প্রার্থী আমাদের একই গ্রামের, এর মধ্যে দুজন আমাদের এলাকায় নির্বাচনে অংশ গ্রহণ করেছে, তাদের দুজনের ভোটকেন্দ্রও একই জায়গায়। অন্য জন ঢাকায় অংশ গ্রহণ করেছে শুনেছি। তারা সবাই নতুন, তেমন জনপ্রিয়তাও নেই। তবে জামায়াতের প্রার্থীর কিছুটা রয়েছে। তবে পাশ করাটা তাদের তকদীর।"
জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, "এটা জাতীয় নির্বাচন, যে কোনো দলের প্রার্থী হয়ে যে কেউ আসতে পারে এটা গণতান্ত্রিক অধিকার, একই গ্রামের তিনজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে এটা কোনো বিষয় না। আমি আমার দলের মনোনীত প্রার্থী হয়ে এসেছি প্রচারণা ও চালিয়ে যাচ্ছি, বিজয় আমাদের আসবে, ইনশাআল্লাহ।"
গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, "একই গ্রামের তিনজন প্রার্থী এটা কোনো দোষের কিছু নয়, তবে একজন ঢাকায় নির্বাচন করবে। আর দুজন আছি একই এলাকায়, এতে আমি তেমন সমস্যা দেখছি না, আমাকে দল এখানে মনোনয়ন দিয়েছে, দেখা যাক কি হয়, তবে যেখানেই যাই ব্যাপক সাড়া পাচ্ছি, আমি আশাবাদী জয়ী হব ইনশাআল্লাহ।"
তবে সাধারণ ভোটারদের ধারণা (নেত্রকোণা-৪ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এবং তিনি সকল শ্রেণির লোকের নিকট অতি পরিচিত ও প্রিয়। তাই অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তিনিই এ আসনে বিপুল ভোটে জয়ী হবেন বলে তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, এই আসন অর্থাৎ নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন, মদন উপজেলার বাড়ি-ভাদেরা গ্রামের কৃতী সন্তান কারানির্যাতিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন