বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:৫৩ এএম
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিষয়টি তিনি নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে জাইমা লেখেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

গত শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী আবেদন করেন।

পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিল রাতে তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে জানায়, প্রথম ধাপে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সেই তালিকায় জাইমা রহমানের নামও রয়েছে।

এম জি