বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান গত ১৭ বছরে যথাযথভাবে মূল্যায়িত হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (১৪ জুন) সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী জানান, বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে বছরব্যাপী নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নজরুল বর্ষ শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিদ্রোহী কবির সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সংরক্ষণ এবং প্রচারের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।
মন্ত্রী আরও জানান, জাতীয় কবিকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪৪টি দেশের সঙ্গে Cultural Diplomacy কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন