পররাষ্ট্রমন্ত্রী

ভারতে তথ্য উপদেষ্টার সঙ্গে হওয়া ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৩:০৬ পিএম
ভারতে তথ্য উপদেষ্টার সঙ্গে হওয়া ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন।

জানা যায়, দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন ডা. জাহেদ উর রহমান। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার অংশগ্রহণের বিষয়টি আগেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে এবং দেশে প্রবেশের অনুমতি বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি।

পরিস্থিতিকে আত্মসম্মানজনক মনে না করে তিনি পাসপোর্ট ফেরত নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। যদিও ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানায়, তিনি সিদ্ধান্তে অটল থাকেন।

সোমবার তিনি দেশে ফিরে আসেন বলে জানা গেছে। কূটনৈতিক চিঠির মাধ্যমে আগাম জানানো সত্ত্বেও এমন ঘটনায় বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এম জি