কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ও দেশের ফার্স্ট লেডি ডা. জুবাইদা রহমান।

মধ্যাহ্নভোজে অংশ নিতে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ফুলের তোড়া ও করমর্দনের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি দুই দেশের সংস্কৃতির সংমিশ্রণে বিশেষ মেন্যু পরিবেশন করা হয়।
মধ্যাহ্নভোজের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মালয়েশিয়ার শিল্পী ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশের জনপ্রিয় দেশাত্মবোধক গান “প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার”-এর সুরে নৃত্য পরিবেশন করে।
এই পরিবেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে আবেগাপ্লুত করে তোলে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এই পরিবেশনার প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রস্থানের সময় মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায়।
এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান শিশুদের কাছে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং স্নেহ প্রকাশ করেন।

মধ্যাহ্নভোজ শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী অতিথিদের বিদায় জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী কুয়ালালামপুরের ‘সাংগ্রি-লা হোটেল’ এর উদ্দেশ্যে রওনা হন।
সফরসূচি অনুযায়ী সেখানে প্রধানমন্ত্রীর ব্যবসায়িক ফোরাম, বিনিয়োগ বৈঠক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন