শুক্রবার দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:৫৫ পিএম
শুক্রবার দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজের জন্য আগামীকাল শুক্রবার দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। নাটোর ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, শুক্রবার নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এই কারণে বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ও নগর ইউনিয়নের এলাকাগুলোতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজের ধরন অনুযায়ী এই সময় কম-বেশি হতে পারে।

অন্যদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার ফরিদপুর গ্রিড, সংশ্লিষ্ট পবিসের সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এই কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদুৎ কর্তৃপক্ষ এবং এই কাজে সবার সহযোগিতা কামনা করেছে।

জেএইচআর