স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:৫১ পিএম
মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

দেশকে মাদক ও জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রণয়ন নয়, কার্যকর প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় পুরোনো আইন দিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না। তাই সময়োপযোগী ও কার্যকর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইন সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

তরুণদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এএন