বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বার্ষিক ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মাসিক ৫০ হাজার টাকার কম আয়ে একটি পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন। তাই বিদ্যমান ৩ লাখ ৭৫ হাজার টাকার করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৬ লাখ টাকা করা সময়ের দাবি। একই সঙ্গে তিনি উপজেলা পর্যায়ে কর আহরণে আরও কার্যকর এনফোর্সমেন্ট জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে কর ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও জনবান্ধব করতে হবে।
বাজেট প্রসঙ্গে নুরুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশনের কথা বলেছিলেন, প্রস্তাবিত বাজেটে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু ঘোষণা নয়, পর্যাপ্ত জনবল, চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করেও এ উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। সব উপজেলায় একযোগে সম্ভব না হলেও ধাপে ধাপে এটি কার্যকর করা উচিত।
নিজ মন্ত্রণালয়ের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। বাজেট কিছুটা কম হলেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর আশ্বাস রয়েছে।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। জনপ্রিয়তার জন্য নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের জন্য টেকসই ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
চরাঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এসব এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান এখনও অনেক পিছিয়ে। এ কারণে চরাঞ্চলের উন্নয়নে পৃথক ফাউন্ডেশন বা কর্তৃপক্ষ গঠনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি উন্নয়নসংক্রান্ত প্রস্তাবগুলো দ্রুত ও মানবিকভাবে বিবেচনারও আহ্বান জানান তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন