রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত অংশকে ঢাকা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উঠছে। এ বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য নিকারের ১২১তম সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা তারেক রহমান। এ তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত রোববার (২৮ জুন) জারি করা সভার নোটিশে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজউকের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব সভায় উপস্থাপন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
এছাড়া সভায় দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং বিভিন্ন জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনসংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
আলোচ্যসূচির মধ্যে রয়েছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব। একই সঙ্গে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে। একই সভায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টিও আলোচনায় আসবে।
মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে নিকারের এ সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে।
সূত্র: বাসস
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন