সরকারিভাবে জর্ডানে চাকরির সুযোগ, আবেদন ফি মাত্র ১০০ টাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:০২ পিএম
সরকারিভাবে জর্ডানে চাকরির সুযোগ, আবেদন ফি মাত্র ১০০ টাকা

সরকারিভাবে জর্ডানে দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) দেশটির টাস্কার অ্যাপারেল প্রতিষ্ঠানে ১৩১ জন নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করে আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগ দেওয়া হবে মহিলা কারখানার শ্রমিক পদে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কাজ করলে ওভারটাইম ভাতাও দেওয়া হবে। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ হবে তিন বছর, যা পরবর্তীতে নবায়নের সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এছাড়া বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানিই প্রদান করবে।

এর আগে জর্ডানের টাস্কার অ্যাপারেলে কর্মরত ছিলেন—এমন ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন। তবে দেশে বা জর্ডানে কোনো মামলার অভিযুক্ত ব্যক্তি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় তা সঙ্গে আনতে হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বোয়েসেল আরও জানিয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগ-সংক্রান্ত প্রায় সব ব্যয় কোম্পানি বহন করবে। প্রার্থীদের শুধু মেডিকেল পরীক্ষার জন্য এক হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা ব্যয় করতে হবে। ভিসা পাওয়ার পর জর্ডান যাওয়ার আগে কোম্পানি এসব অর্থ পরিশোধ করবে।

আগামী ৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। তবে কোনো জীবনবৃত্তান্ত বা বায়োডাটা সঙ্গে আনার প্রয়োজন নেই।

বোয়েসেল সতর্ক করে জানিয়েছে, প্রতিষ্ঠানটির কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। তাই নিয়োগের নামে কাউকে নগদ অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের অনুরোধ জানানো হয়েছে। পুরো নিয়োগ কার্যক্রম বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে। এছাড়া অনলাইনে আবেদন করলেই চাকরি নিশ্চিত হবে না; চূড়ান্তভাবে নির্বাচিত হতে হলে প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এএন