রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৪৩ পিএম
বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং এবং এ বিষয়ে চীনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চীন সমর্থন করে না এবং এমন হস্তক্ষেপ মেনে নেওয়ারও প্রশ্ন ওঠে না। তিনি জোর দিয়ে বলেন, তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই কাজ করবে, অন্য কোনো বিষয় তাদের বিবেচ্য নয়।

রাষ্ট্রদূত আরও জানান, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান আগের মতোই রয়েছে। নিজেদের সক্ষমতার মধ্যে থেকে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে বেইজিং।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মূল্যায়ন করতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, এ সফর অত্যন্ত সফল হয়েছে। সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক আস্থার নতুন ভিত্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, তিস্তা ইস্যুতে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা নিয়েও কোনো ধরনের সন্দেহ বা বিভ্রান্তির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

এএন