জুলাইজুড়ে বজ্রঝড় ও বন্যার শঙ্কা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৪৪ পিএম
জুলাইজুড়ে বজ্রঝড় ও বন্যার শঙ্কা

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রপাত, এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ এবং দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

জুলাই ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। পাশাপাশি মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বর্ষণের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসজুড়ে বৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ এবং নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা প্রকাশ করা হবে।

এএন