প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের বার্তাবাহী চিঠি তুলে দেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন