জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:৩১ পিএম
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুযোগ-সুবিধা নয়, বরং এটি দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা’ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, দেশের সব নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মানুষের মর্যাদা ও সম্মান বজায় রেখে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, বাংলাদেশের রয়েছে বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী। তাদের উদ্যম, প্রযুক্তিগত দক্ষতা ও নতুন চিন্তাভাবনা দেশের অন্যতম বড় সম্পদ। এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতে আরও উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর থেকেই গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক মানের। দেশের বেশিরভাগ ওষুধ উন্নতমানের হওয়ায় তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে মানুষের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এএন