জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দেশ গঠনে অবদান রাখতে দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চান।
আলোচনার সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ড একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন।
সংসদ ভবনে এসে তারা প্রথমে ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পাশাপাশি সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করার সুযোগ পান।
এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন