জুলাই জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং এর জন্য নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটিতে কিছু অসঙ্গতি ছিল। সেই বিষয়গুলো সংশোধন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানিয়ে দেওয়া হবে।
সাবেক সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্যর্থ হয়েছে। তার দাবি, গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন পরিচালনা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বিমা খাতও দুর্বল করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ এবং পুনরুদ্ধারে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে মন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন এবং শালবন বিহার ঘুরে দেখেন। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন