সিলেটে আবারও জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়েছিল। তবে প্রজ্ঞাপন জারির ১১ দিন পার হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর মধ্যেই তাকে সরিয়ে নতুন করে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হলো।
জানা গেছে, সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারের দানের অর্থের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মধ্যেই জেলা প্রশাসক পদে এ পরিবর্তন আসে। নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে মু. রেজা হাসান ১ জুলাই কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন এবং পরে সিলেটের উদ্দেশে রওনা হন। তবে পথেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে আসতে হয়।
উল্লেখ্য, গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর তার স্থলাভিষিক্ত হিসেবে মু. রেজা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন