দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং জাহাজ ভাঙা শিল্পের বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনার লক্ষ্যে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
রোববার (১২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। সদস্য হিসেবে থাকবেন শিল্পমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্প সচিব।
কমিটির দায়িত্ব হবে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্প-সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা। পাশাপাশি এসব খাতের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কাজের প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া কমিটির সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে শিল্প মন্ত্রণালয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন