ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে কমিটি গঠন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৮:১২ পিএম
ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে কমিটি গঠন

ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনায় বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করে কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

রোববার (১২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব।

কমিটির প্রধান দায়িত্ব হবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ক্ষেত্রে বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা শনাক্ত করা। পাশাপাশি এসব সমস্যা দূর করতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা, উপকরণ এবং আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা বা অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে কমিটি। প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ।

এম জি