স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৪:৩৬ পিএম
শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে
ফাইল ছবি

দেশের সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই বৃহৎ নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

সোমবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী- সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে সরকার ধারাবাহিকভাবে নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য। অন্যদিকে, ৪৯ হাজার ৮৭৯টি অনুমোদিত নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৪৫ হাজার ৩০২ জন। ফলে ৪ হাজার ৫৭৭টি নার্সের পদ এখনো খালি রয়েছে।

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি জনবল সংকট রয়েছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায়। এ খাতে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে শূন্য রয়েছে ১৮ হাজার ৯৪৭টি পদ। এর মধ্যে পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং স্বাস্থ্য সহকারীর (এইচএ) উল্লেখযোগ্য সংখ্যক পদ দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে।

মন্ত্রী বলেন, চিকিৎসক সংকট দূর করতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে আরও ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স নিয়োগের কার্যক্রমও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

মিডওয়াইফ নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, দশম গ্রেডের মিডওয়াইফ পদের জন্য গত ১৯ এপ্রিল চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে দ্রুত তাদের পদায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শূন্য পদগুলোতে প্রয়োজনীয় জনবল পদায়নের কাজও দ্রুত সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এএন