সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৪৩ এএম
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। ২০১৯ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে তিনি মারা যান।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, আজ সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বেলা ১১টায় রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধিতে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন। তাঁর এই দীর্ঘ শাসন আমলে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি নির্ধারণ, ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ এবং দেশে উপজেলা ব্যবস্থার প্রবর্তন তাঁর নেওয়া অন্যতম বড় সিদ্ধান্ত ছিল।

এছাড়া মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা, ঢাকার বেড়িবাঁধ ও যমুনা সেতুর প্রাথমিক উদ্যোগ এবং জাতীয় ওষুধ নীতি প্রণয়ন তাঁর আমলের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। মৃত্যুর পর ভক্ত ও অনুসারীদের দাবির মুখে সাবেক এই সেনাপ্রধানকে রংপুরের পল্লী নিবাসেই সমাহিত করা হয়।

জেএইচআর