কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:৪৯ পিএম
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ সংক্রান্ত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, গৃহীত শোক প্রস্তাব কাতার সরকার এবং ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে পাঠানো হবে। একই সঙ্গে প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শামীম কায়সার।

এ ছাড়া কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করছে।

এর আগে গত রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি শোকবার্তা পাঠান। বার্তায় তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার, দেশের জনগণ ও ব্যক্তিগতভাবে কাতারের আমির, রাজপরিবার, সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত রোববার মৃত্যুবরণ করেন।

এম জি