বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও মানিক মিয়া এভিনিউ অবরোধ শেষে এই ঘোষণা দিয়ে তাঁরা স্থান ত্যাগ করেন। এর আগে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে এমন ক্ষোভ থেকে দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের মুখে ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে শিক্ষামন্ত্রী’ ও ‘দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। আন্দোলনরত পরীক্ষার্থীরা প্রধানত ৩টি দাবি তুলে ধরেছেন। তাঁদের দাবিগুলো হলো দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং বিতর্কিত মন্তব্যের দায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধের মাধ্যমে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এরপর দুপুর ১টার দিকে নীলক্ষেত মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের দিকে রওনা হন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে কর্মকর্তারা আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে পুনরায় সায়েন্স ল্যাবে ফিরে যান। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে তাঁরা সংসদ ভবনের উদ্দেশে রওনা হন।
সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছে মানিক মিয়া এভিনিউ অবরোধ করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে লাঠিচার্জের অভিযোগ ওঠে। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজ দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে বলেন, সরকার যদি বুধবারের পরীক্ষা স্থগিত না করে, তবে তাঁরা বাধ্য হয়ে অখুশি মনে পরীক্ষায় বসবেন। তবে একই সাথে তাঁদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিও চলবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন