আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি রাজনৈতিক দল না। তারা পাকিস্তানের এজেন্ট। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কীসের দল।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা গণতন্ত্রের কথা বলে। খালেদা জিয়া গণতন্ত্র শেখায়। কিসের গণতন্ত্র, মুচলেকার গণতন্ত্র। ৫০০ লোককে যারা হত্যা করেছে, যাদের বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই তারা এটা করতে পারে না।
১০ ডিসেম্বর নিয়ে বিএনপির হুমকির বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা হুমকি দেয় ১০ ডিসেম্বর পতন ঘটাবে। তারেক দেশে আসবে। আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তারা পাগল, খুনি। তারেক কীভাবে দেশে আসবে। সে কো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
শেখ সেলিম বলেন, তারেক জিয়া তো নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া তো নির্বাচন করতে পারবে না। সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান অনুয়ায়ী তারা নির্বাচন করতে পারবে না।
ক্ষমতা হারালে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাবে বলে বিএনপি নেতারা যেসব বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ পালানোর দল না। তারেক পালিয়েছে। ফালু পালিয়ে বিদেশে আছে। সালাউদ্দিন বিদেশ আছে। তোরা পালিয়ে পাকিস্তানে যেতে পারিস আমরা না।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তোমরা যদি ঐক্যবদ্ধ থাক, তাহলে ওই ছাগলের বাচ্চারা শুধু লাফাবে আর লাফাবে। কিছু করতে পারবে না।
সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, অন্যান্য দেশের মতো সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে। পারলে সাহস থাকলে নির্বাচন করুন। জীবনে মানুষের ভালোবাসা দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহাসমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যুবলীগের সাবেক-বর্তমান নেতারা, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন