বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।
শুক্রবার রাত ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
উমামা ফাতেমা লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
এর আগে, এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন