দলীয় পদ স্থগিতের বিষয়ে যা বললেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৪৫ পিএম
দলীয় পদ স্থগিতের বিষয়ে যা বললেন ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দলের পক্ষ থেকে চিঠির মাধ্যমে তাঁকে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্থগিতাদেশ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমি এখনো দলীয় চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেব।”

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট তাঁর নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে ২৬ আগস্ট তিনি যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক হয়নি।

তবুও মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপাতত তিন মাসের জন্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তিনি যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ন না করেন এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল।