ড. আব্দুল মঈন খান

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট দিয়েছে আওয়ামী লীগ

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:১৯ পিএম
ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট দিয়েছে আওয়ামী লীগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল, ‘আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।’” 

তিনি বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. মঈন খান আরও বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে নষ্ট করেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন মানুষ দেখছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় যাতে জনগণের সরকার গড়ে ওঠে এবং হারানো গণতন্ত্র ফিরে আসে।”

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা সংলগ্ন প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ইএইচ